বাংলাদেশে এ বার কোপ ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িতে! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বাড়ির একাংশ
বাংলাদেশে অশান্তির আবহের মধ্যেই এ বার ভাঙচুরের ঘটনা ঘটল কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িতে। রাজশাহীর মিয়াপাড়ার ঘোড়ামারা এলাকায় অবস্থিত ওই বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। যে বাড়িতে জীবনের শুরুর দিনগুলি কাটিয়েছিলেন ঋত্বিক, সেই বাড়িরই একাংশ এখন ধ্বংসস্তূপে পরিণত। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মধ্যে।দুই বাংলার দেশভাগ, উদ্বাস্তু মানুষের যন্ত্রণা এবং তাঁদের জীবনের লড়াই বার বার নিজের ছবিতে তুলে ধরেছিলেন ঋত্বিক ঘটক। তাঁর ছবিতে উঠে এসেছিল পদ্মা এবং বাংলার মানুষের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা। সেই পরিচালকের পৈতৃক বাড়িই আজ ধ্বংসের মুখে। এর আগে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা, বেগম রোকেয়ার ছবিতে কালি লাগানো এবং সত্যজিৎ রায়ের পৈতৃকভিটে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। এ বার সেই তালিকায় জুড়ল ঋত্বিক ঘটকের বাড়ির নাম।বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির একটি ঘরের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে। ওই ঘরেই পরিচালকের একশোতম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। দেওয়ালে আঁকা ছিল ঋত্বিক ঘটকের ছবি। পাশাপাশি তাঁর একাধিক বিখ্যাত সিনেমার নাম ও ছবিও সেখানে রাখা হয়েছিল। বাড়ির সেই অংশ ভেঙে ফেলায় ক্ষুব্ধ স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা।ঋত্বিক ঘটক চলচ্চিত্র সমিতির সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়িটি সংরক্ষণের দাবি জানানো হচ্ছে। কিন্তু সেই দাবিতে গুরুত্ব দেওয়া হয়নি। বরং পরিকল্পিত ভাবে বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা চলছে। তাঁদের আশঙ্কা, এ ভাবে চলতে থাকলে এক সময় পরিচালকের পৈতৃক বাড়ির কোনও চিহ্নই আর থাকবে না।বর্তমানে বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ। চারদিকে ছড়িয়ে রয়েছে লাল ইটের স্তূপ। ভেঙে পড়েছে পুরনো দেওয়ালের একাংশ। শ্যাওলা ধরা পাঁচিলের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। দেওয়ালে ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকী উপলক্ষে আঁকা ছবির কিছু চিহ্ন এখনও রয়েছে। তবে বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও সেটি সংরক্ষণের কোনও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ।এই প্রথম নয়, ২০২৪ সালেও একাধিক বার ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। পরিচালকের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে তৈরি কমিটির আহ্বায়ক মাহমুদ হোসেন মাসুদ বলেন, অবশিষ্ট ঘরগুলোর একটির দেওয়াল ভেঙে ফেলা হয়েছে এবং একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। দীর্ঘদিন ধরে এই জায়গাটি দখল ও ভেঙে ফেলার চেষ্টা চলে আসছে। আমরা প্রতিবারই প্রতিবাদ করি, এবং আবারও একই চেষ্টা করা হয়।বাড়িটি সংরক্ষণের বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, বার বার প্রতিবাদ জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না।ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি শুধু একটি পুরনো বাড়ি নয়, দুই বাংলার ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ স্মারক। দেশভাগের যন্ত্রণা যাঁর ছবিতে বার বার ফিরে এসেছে, তাঁর স্মৃতিবিজড়িত বাড়িই আজ ধ্বংসের মুখে। এই পরিস্থিতিতে বাড়িটি সংরক্ষণের দাবিতে সরব হয়েছেন সংস্কৃতিপ্রেমীরা। তাঁদের প্রশ্ন, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এমন গুরুত্বপূর্ণ স্মারক রক্ষায় সরকার কেন আরও সক্রিয় হচ্ছে না?

